বৃহস্পতিবার শাস্তির মুখে পড়ছে ই-ভ্যালি

২৬ আগষ্ট, ২০২০ ২১:৫৩  
বাজারে ব্যবসার প্রতিযোগিতার ক্ষেত্রে বিরূপ প্রভাব বিস্তার করে একচেটিয়া (মনোপলি) অবস্থার সৃষ্টির অভিযোগে ডিজিটাল মেগা শপিং প্লাটফর্ম ই-ভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে বাজারে ব্যবসার প্রতিযোগিতার ক্ষেত্রে বিরূপ প্রভাব বিস্তার করায় বৃহস্পতিবার বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে। বৈঠকে শেষে শাস্তির বিষয়টি নির্ধারিত হবে বলে জানিয়েছেন ডব্লিউটিও সেলের মহাপরিচালক ও ‘ই-বাণিজ্য করবো নিজের ব্যবসা গড়বো’ প্রকল্প পরিচালক মো. হাফিজুর রহমান। এদিকে ই-কমার্স প্ল্যাটফর্ম ই-ভ্যালির ওয়েবসাইটে ‘ঈদ ধামাকা’ নামে একটি অফারকে আইনের বরখেলাপ বলে মনে করছে প্রতিযোগিতা কমিশন। এ অবস্থায় মঙ্গলবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বরাবর চিঠি ইস্যু করেছে কমিশন।